খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, খাগড়াছড়ি জেলার গুইমারায় বহুল আলোচিত মোটর সাইকেল চালকদের অবশেষে সমিতির মাধ্যমে নিয়ন্ত্রণে আনার চেষ্টা অনেকটাই সফল হয়েছে। পার্বত্য অঞ্চলে পাহাড়ি, বাঙালি আমরা একই মায়ের অভিন্ন সন্তান। সাম্প্রদায়িকতা পরিহার করে এদেশের প্রচলিত আইন মেনে সমবায় সমিতির মাধ্যমে যদি গুইমারা উপজেলা মোটর সাইকেল চালক সমিতি চলে তাহলে গুইমারা মোটর সাইকেল চালকদের ভাগ্য উন্নয়ন সম্ভব। তবে ১৮ বছরের নিচে কেউ যাতে মোটর সাইকেল ভাড়ায় চালাতে না আসে সেদিকে সমিতিকে বিশেষ নজর রাখার আহ্বান জানান।
শনিবার বিকালে গুইমারা টাউন হলে প্রধান অতিথি হিসাবে পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর উপস্থিতিতে সমিতির উদ্বোধন সম্পন্ন হয়। এতে বিশেষ অতিথি হিসেবে ঝর্ণা ত্রিপুরা, (মহিলা ভাইস চেয়ারম্যান, গুইমারা উপজেলা), চাইথোয়াই চৌধুরী, চেয়ারম্যান, ২নং হাফছড়ি ইউপি, মেমং মারমা, চেয়ারম্যান, ১নং গুইমারা ইউপি ও মো. জাহাঙ্গীর আলম, সভাপতি, গুইমারা উপজেলা আওয়ামী লীগ উপস্থিত ছিলেন।
মোটর সাইকেল সমিতির পরিচালনা কমিটির সভাপতি মংশ্যেপ্রু চৌধুরীর সভাপতিত্বে মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলী মাস্টার, সহ-সাধারণ সম্পাদকের পরিচালনায় গুইমারা টাউন হলে মোটর সাইকেল চালক সমিতির উদ্বোধন ও কার্যকারী কমিটির পরিচিত সভা সম্পন্ন হয়।