বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসায়েশন কেন্দ্রিয় নির্বাহী কমিটি কর্তৃক রাষ্ট্র্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মচারীদের শতভাগ বেতন ভাতা প্রদান সহ পেনশন প্রথা চালুর দাবিতে ঘোষিত কর্মসূচির আলোকে রাঙামাটি পৌরসভা কর্মচারী সংসদ ১ জুলাই থেকে দুইদিন সকল প্রকার কর্মবিরতি পালন করবে।
শনিবার রাঙামাটি পৌর কর্মচারী সংসদের সভাপতি একেএম বশির হোসেন ও সাধারণ সম্পাদক সনত বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জুলাই সোমবার রাঙামাটি পৌরসভা কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং ২ জুলাই সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এক দফা এক দাবিতে রাঙামাটি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। তবে স্বাস্থ্য বিভাগের অধিনে পরিচালিত ইপিআই কর্মসূচী অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিবৃতিতে।
এতে আরও বলা হয় কর্মসূচি চলাকালে রাঙামাটি পৌরসভা কার্যালয়ে সকল প্রকার দাপ্তরিক সেবা, সড়ক বাতি, কন্জারভেন্সী সেবা প্রদান বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে রাঙামাটি পৌরবাসীর সাময়িক অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশ করা হয়।
কর্মসূচির ব্যাপারে রাঙামাটি পৌর কর্মচারী সংসদের সাধারন সম্পাদক সতন বড়ুয়া বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, সকলে আমাদের অনেক আশার বাণী শুনিয়েছেন, কাজের কাজ কিছুই হয়নি, সারা দেশে আন্দোলন হয়েছে কেন্দিয়ভাবে ঢাকায় অবস্থান কর্মসূচী পালন করেছি, আশ্বাস দিয়ে ঘরে ফেরত পাঠিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোন অগ্রগতি নেই। আমরা সঠিক সময়ে বেতন পাইনা, আমাদের কোন পেনশন নেই, মানবেতর জীবনযাপন করছি আমরা। পেটে ভাত না দিয়ে সেখান থেকে প্রত্যাশিত সেবা পাওয়া যায়না। তারপরও আমাদের কর্মসূচির কারণে পৌরবাসীর সময়ীক অসুবিধা হবে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী।’
