আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার রাঙামাটিতে পালিত হয়েছে অলিম্পিক ডে। দিবসটি উপলক্ষে রোববার সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়ে জেলা ক্রীড়া সংস্থায় গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য র্যালিতে রাঙামাটি শহরের বিভিন্ন ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। অলিম্পিক মশাল হাতে ছিলেন সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় বরুণ বিকাশ দেওয়ান।
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে অলিম্পিক ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মামুনুর রশিদ, সহ সভাপতি বরুণ বিকাশ দেওয়ান, পার্বত্য জেলা পরিষদের সদস্য মনোয়ারা জসিম, জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, সহ সাধারণ সম্পাদক মো: সবুর, কার্যনির্বাহী কমিটির সদস্য তাপস চাকমা, হুমায়ন কবীর, মো: সেলিম, বেনু দত্তসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
প্রসঙ্গত ১৯৪৩ সালে স্কটহোমে বসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ৪১তম অধিবেশন। এই অধিবেশনে চেকোস্লোভাকিয়ার আইওসি সদস্য ড. গ্রাস ‘বিশ্ব অলিম্পিক দিবস’ পালনের বিষয়ে একটি প্রস্তাব তোলেন। যার প্রাথমিক উদ্দেশ্য হবে অলিম্পিকের ধারণাকে প্রচার করা। পরের বছর আইওসির ৪২তম অধিবেশনে এই প্রস্তাবটি গৃহীত হয়। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিটি দেশের জাতীয় অলিম্পিক কমিটি (এনওসি) প্রতি বছর ১৭-২৪ জুনের মধ্যে এই দিবসটি পালন করবে। ১.৫ কিলোমিটার, ৫ কিলোমিটার এবং ১০ কিলোমিটার পথ অতিক্রমের মধ্য দিয়ে অলিম্পিক ডে ফান রানের আয়োজন করা হয়।
