কাপ্তাই হ্রদ দখল রোধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির চম্পক নগর ও শিল্পকলা একাডেমি এলাকায় পৃথক দুটি অভিযান করা হয়। রাঙামাটি সদরের এসিল্যান্ড মৌমিতা দাশ ও এনডিসি উত্তম কুমার দাশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় চম্পক নগর এলাকায় অভিযানের খবর পেয়ে কাজ ফেলে পালিয়ে যায় নির্মাণ শ্রমিকরা। কাপ্তাই হ্রদ দখল করে নির্মাণধীন বাড়িঘরের কাজ বন্ধ করে মালামাল জব্দ করা হয়। স্থানীয়রা জানান, দখলদার এলাকার প্রভাবশালী হওয়ার কারণে কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে চান না।
রাঙামাটি জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, এ অভিযান অব্যাহত থাকবে। প্রতিবছর শুকনো মৌসুমে রাঙামাটির কাপ্তাই হ্রদ বেদখলের প্রতিযোগিতা শুরু হয়। সম্প্রতি সময়ে এর মাত্রা বেড়েছে। এর কারণে নষ্ট হচ্ছে পরিবেশ। বাড়ছে হ্রদ দুষণের ঝুঁকি।
রাঙামাটি সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার মৌমিতা দাশ বলেন, আমরা খবর পেলাম চম্পক নগর এলাকায় পানি কমে যাওয়ার পর লেকের উপরি ভাগের প্রায় পঞ্চাশ শতকের মতো জমি খুঁটি দিয়ে দখল করেছে। জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক আমরা কাপ্তাই লেকটি দখল বন্ধে উচ্ছেদ অভিযান শুরু করি এবং ৫০ শতক জায়গা আমরা দখলমুক্ত করি। অভিযান অব্যাহত কথাও জানান তিনি।
