দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কনভেনশন ২০১৭ উপলক্ষে ভূমিধস ঃ কারণ চিহ্নিতকরণ ও করণীয় নির্ধারণ বিষয়ক এক কর্মশালা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। গত রোববার এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফয়জুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন ড. আসলাম আলম, রেক্টর, বিপিএটিসি (সিনিয়র সচিব)। স্বাগত বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. অর্ধেন্দু শেখর রায়, মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক রেশাদ মহম্মদ ইকরাম আলী, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল। রেপোটিয়ার হিসেবে কর্মশালার সারসংক্ষেপ উপস্তাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ পরিচালক জনিম উদ্দিন ও বেগম নুরুন্নাহার চৌধুরী। কর্মশালায় রাঙামাটিসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভূমিধসে ক্ষতিগ্রস্ত ভূক্তভোগীরা অভিজ্ঞতা বর্ণনা করেন।
সভায় প্রবন্ধকার ও আলোচকবৃন্দ বলেছেন, ভূমিধসের অন্যতম কারণগুলো হলো, ভূপ্রাকৃতিক কারণে আবহাওয়া পরিবর্তন, ডি-ফরেস্টেশন, অপরিকল্পিতভাবে পাহাড় কাটা, অতিবৃষ্টি, বজ্রপাত, ভূমিকম্প এর ফলে পাহাড় ও বিভিন্ন স্থানে মাটির ফাটল যেখান দিয়ে বৃষ্টির পানি প্রবেশ করে পাহাড় ধসের ঘটনা ঘটছে, জুম চাষের পদ্ধতি পরিবর্তন একই স্থানে প্রতিবৎসর জুম চাষ করা, ড্রেনেজ সিস্টেম না থাকাসহ অন্যান্য কারণ রয়েছে। বক্তারা এব্যাপারে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এরপূর্বে প্রথম পর্বে কনভেনশন ও মেলার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি। এতে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব শাহ কামাল, স্বাগত বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যব্রত সাহা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী। কনভেশনে সারা দেশ থেকে দুই হাজার প্রতিনিধি অংশ নেয়।
