খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে মনোনিত জাতীয় সংসদের মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা গত ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে সেনাবাহিনীকে নিয়ে বক্তব্য প্রদানের প্রতিবাদ জানিয়ে বক্তব্যটি এক্সপাঞ্জ করার দাবি জানিয়েছে রাঙ্গামাটির ‘সচেতন পার্বত্যবাসী’। শনিবার সকালে রাঙ্গামাটি শহরের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে সচেতন পার্বত্যবাসীর আহ্বায়ক জাহাঙ্গীর আলম মুন্নার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কামাল, কাজী মো. জালোয়ার, জাহাঙ্গীর আলম, মো. কামাল উদ্দিন, রূপ কুমার চাকমা, হাবিবুর রহমান, মোর্শেদা বেগম এবং কল্পপ দেওয়ান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিভিন্ন দুর্যোগ, অবকাঠামো উন্নয়নসহ দেশের গণতন্ত্র রক্ষায় দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে। সাংসদ বাসন্তি চাকমা সেনাবাহিনীকে জড়িয়ে যে বক্তব্য রেখেছেন তা ন্যাক্কারজনক। এ বক্তব্য তিন পার্বত্য জেলায় বসবাসরত সকল বাঙালিকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। বক্তব্যটি অতিদ্রুত জাতীয় সংসদে কার্যবিবরণী হতে এক্সপাঞ্জ করার জন্য স্পিকারকে সবিনয় অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি সাংসদ বাসন্তি চাকমা সংসদে- ‘০১ মে রোজ শুক্রবার জুম্মার নামাজের পর বাংলাদেশ সেনাবাহিনী ও তৎকালীন বহিরাগতরা মিলে আল্লাহু আকবর বলে পানছড়ি ব্রিজের ওপর একজন একজন করে পাহাড়িদের জবাই করেছিলো’ এমন বক্তব্য দিয়েছেন বলে দাবি করেছেন সংবাদ সম্মেলনকারীরা।
