রাঙামাটিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপি এসএমই মেলা। মেলা উদ্বোধন উপলক্ষে শনিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় সামনে থেকে একটি বণার্ঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিমনেশিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অতিথিরা বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন এবং পরে আলোচনা সভায় মিলিত হন।
আলোচনা সভায় রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ, আঞ্চলিক পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, এসএমই ফাউন্ডেশন’র ব্যবস্থাপক রাহুল বড়ুয়া, শিক্ষাবিদ নিরূপা দেওয়ান, রাঙামাটি মহিলা চেম্বার অব কমার্স’র সভাপতি মনোয়ারা বেগম।
আলোচনা সভায় বক্তরা বলেন, পার্বত্য জেলার নারী ও পুরুষ বাড়িতে বসেই বিভিন্ন হস্তশিল্প তৈরি করতে পারেন। তা যদি সঠিকভাবে ব্যবস্থাপনা ও বাজারজাত করা যায় তাহলে এ শিল্প বিশ^ জুড়ে ছড়িয়ে দেওয়া সম্ভব, একই সাথে পার্বত্য অঞ্চলের মানুষের অথনৈতিক উন্নয়ন ঘটানোও সম্ভব।
এসএমই মেলা আগামী ৮ মার্চ পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। এ মেলায় স্থানীয় এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়িদের নানান পণ্য প্রদর্শনী ও বিক্রয় করা হচ্ছে। মেলায় প্রায় ৫০টি স্টল রয়েছে।
