রাঙামাটি শহরের তবলছড়ি জেটিঘাট যাত্রীছাউনীর সামনে বাজারে উঠার সিঁড়ির সম্মুখের নালাটি ব্যবহার না হওয়ায় বাজারের ময়লা পানি লেকে যাওয়ার মাধ্যম এখন কাঁচাবাজারের সংযোগ সড়কটি।
তবলছড়ি বাজারে উঠার সিঁড়িটির পাশের নালাটি দিয়ে বাজারের ময়লাপানি নেমে আসলেও সেসব ময়লা পানি কাপ্তাই লেকে পড়ার জন্য রয়েছে বাস্তার পাশে একটি ১০-১৫ফুটের সংযোগ নালা। যা প্রধান সড়কের পাশ দিয়ে লেকে যাওয়ার নালার সাথে সংযুক্ত। এই সংযোগ নালাটিতে ময়লা জমে বন্ধ হয়ে রয়েছে অনেক দিন যাবৎ। যার কারণে বাজার থেকে নেমে আসা সকল ময়লা পানি লেকে যাচ্ছে ব্রিজের পাশ দিয়ে কাঁচাবাজারে যাওয়া সংযোগ সড়কটি ওপর দিয়ে। এই ময়লা এবং দুর্গন্ধ পানি সড়কটি ওপর দিয়ে লেকে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে পথচারী ও ব্যবসায়ীরা।
ভুক্তভোগী হাসান মাহমুদ বাদশা জানান, দীর্ঘদিন ধরে এটি পরিষ্কারের অভাবে এমনটা হচ্ছে। ময়লা পানি নালা থাকা স্বত্তেও লেকে পড়ছে সড়কটি হয়ে। যা দুঃখজনক। আমরা চাই এই ভোগান্তি থেকে সকলে নিস্তার পাক।
রাঙামাটি জেলা যুব ইউনিয়নের নেতা ও অত্র এলাকার ব্যবসায়ী ডা. আশীষ দাশগুপ্ত জানান, আমি দীর্ঘদিন ধরে দেখছি নালাটি পরিষ্কারের অভাবে বাজার থেকে নেমে আসা সকল ময়লা পানি রাস্তা হয়েই লেকে যাচ্ছে এতে করে ভোগান্তিতে পরছে পথচারীরা সহ ব্যবসায়ীরা। আমরা চাই এই নালাটি সবসময় পরিষ্কার রাখা হোক। যাতে করে নালা থাকা সত্ত্বেও সড়কদিয়ে ময়লা পানি লেকে যেতে না হয়।
ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি রাঙামাটি জেলার সভাপতি শিক্ষক অরুপ মৎসুদ্দী জানান, নালাটি নিয়মিত পরিষ্কারের অভাবে সংযোগ সড়কটি ওপর দিয়ে ময়লাপানি লেকে যাওয়ার কারণে প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারীদের। যা কোনওভাবেই কাম্য নই। নিয়মিত এই নালাটি পরিষ্কার রাখার দাবি জানাচ্ছি। যাতে করে এই সড়ক দিয়ে পথচারিরা স্বস্তিতে চলাচল করতে পারে।
রাঙামাটি পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান বাবু জানান, আমি গত ৫-৬মাস আগেও নালাটি পরিষ্কার করিয়ে ছিলাম। কিন্তু বার বার নালাটিতে পাড়ভেঙ্গে মাটি পড়ে ভরাট হয়ে যাচ্ছে। এই পাড় ভেঙ্গে মাটি পড়া বন্ধ করা গেলে এই সমস্যাটি আর হবে না। নালার পানি নালা দিয়েই যাবে রাস্তা দিয়ে যাবে না। পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদেরও নালাটি নিয়মিত পরিষ্কার করতে সুবিধা হবে।
