কাপ্তাইয়ে পর্যটকবাহী প্রাইভেট কারের ধাক্কায় দু’ছাত্রলীগ নেতা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার বিকেলে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের শীলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার দিন বিকেলে মোটর সাইকেল আরোহী দু’ছাত্রলীগ নেতা কাপ্তাই যাওয়ার সময় বিপরিত দিক থেকে বেপরোয়া গতিতে এগিয়ে আসা পর্যটকবাহী প্রাইভেট কার মোটর সাইকেলে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম উদ্দিন মামুন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে আহত মামুনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়। পর্যটকবাহী প্রাইভেট কারটি দ্রুত পালিয়ে যাওয়ায় তা চিহ্নিত করা যায়নি।
কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নূর উদ্দিন সুমন বলেন, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কাপ্তাইয়ে দেশের বিভিন্ন স্থান হতে হাজার হাজার পর্যটক ঘুরতে আসে। তবে পাহাড়ের আঁকা-বাঁকা পথে সমতলের ন্যায় দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলে দুর্ঘটনার পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কাপ্তাই ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক তারক চন্দ্র পাল বলেন, পর্যটকবাহী গাড়ি চালকদের ধীর গতিতে গাড়ি চালানোর বিষয়ে তাগাদা দেওয়া হবে।