আসন্ন উপজেলা নির্বাচনে পার্বত্য রাঙামাটি জেলার ১০ উপজেলার মধ্যে ৬টি তে প্রার্থী দিচ্ছে আওয়ামীলীগ। বাকী ৪ টিতে কৌশলগত কারণে প্রার্থী দিচ্ছেনা দলটি। রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার রাঙামাটি জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা শেষে পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে এই তথ্য জানিয়েছেন তিনি।
জেলা আওয়ামীলীগের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছেন, এই নির্বাচনে রাঙামাটির লংগদু,কাউখালি,বিলাইছড়ি,কাপ্তাই,রাঙামাটি সদর ও রাজস্থলীতে প্রার্থী দিচ্ছে দলটি। অন্যদিকে জনসংহতি সমিতির নিয়ন্ত্রিত এলাকা হিসেবে পরিচিত বরকল ও জুরাছড়ি এবং আঞ্চলিক দলগুলোর চারণভূমি হিসেবে খ্যঠু নানিয়ারচর ও বাঘাইছড়িতে প্রার্থী দিচ্ছেনা দলটি। কেনো এই ৪ টি উপজেলাতে প্রার্থী দিচ্ছেনা দলটি,সেই সম্পর্কে স্পষ্ট কিছু বলেননি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুছা। তিনি জানিয়েছেন, এবার যে ছয়টি উপজেলাতে প্রার্থী দিচ্ছি আমরা,তার ছয়টিতেই জিততে চাই আমরা।
এদিকে রাঙামাটি জেলা আওয়ামীলীগ জানিয়েছেন,রাঙামাটি সদরে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মজিবুর রহমান দীপু ও অটোরিক্সা চালক সমিতির সাধারন সম্পাদক স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি শহীদুজ্জামান রোমান,লংগদু উপজেলায় বারেক সরকার,আব্দুর রহিম,হাজী ফয়েজুল আজিম, হারুনুর রশীদ,সাইফুল ইসলাম, কাপ্তাই উপজেলায় আব্দুল লতিফ,আনোয়ার বেবি,মফিজুল ইসলাম,খলিলুর রহমানসহ ৭ জন এবং রাজস্থলী উপজেলায় ৫ আওয়ামীলীগ নেতা দলীয় মনোনয়ন পেতে আবেদন জমা দিয়েছেন। এদের মধ্যে বিলাইছড়িতে জয়সেন তঙ্গচঙ্গ্যা এবং কাউখালিতে সামশুদ্দোহা চৌধুরী একক প্রার্থী হওয়ায় তাদের মনোনয়ন প্রায় চূড়ান্ত।
অন্যদিকে রাঙামাটি সদর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে মনিরুল ইসলাম রতন এবং দুর্গেশ্বর চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে কৃষকলীগের নাছরিন আক্তার দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন।
