বান্দরবানে প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পের আওতায় ৫০টি বৌদ্ধ ধর্মীয় মন্দির (বিহার) ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বান্দরবান শহরের মধ্যমপাড়াস্থ পার্বত্য মন্ত্রীর বাসভবন মিলনায়তনে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে প্যাগোডাভিত্তিক সাতটি উপজেলার ৫০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্রছাত্রীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সভাপতি মংক্যচিং চৌধুরী, রোয়াংছড়ি সদর ইউনিয়ন চেয়ারম্যান চহ্লামং মারমা, পার্বত্য মন্ত্রীর এপিএস সাদেক হোসেন চৌধুরী, উজানীপাড়া বিহারের বিহারাধক্ষ্য উ চাইন্দাওয়ারা মহাথেরসহ শিক্ষক-ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে মন্ত্রী বিহার ভিত্তিক প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের মেধানুসারে স্থান পাওয়া ছাত্রছাত্রীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান সরকার ধর্মনিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক গনতান্ত্রিক সরকার। ছেলে-মেয়েদের ছোট্টবেলা থেকেই যারযার ধর্ম অনুসারে আদর্শ মনুষত্ববোধ এর শিক্ষায় গড়ে তুলতে হবে। এটি সকল শিক্ষক ও অভিভাবকের দায়িত্ব।
