পর্যটন শিল্পের উন্নয়নে বান্দরবানে প্রায় ৪৮ কোটি টাকা ব্যয়ে রোয়াংছড়ি-রুমা দুটি উপজেলা অভ্যন্তরিণ সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে শুক্রবার। প্রধান অতিথি হিসাবে উন্নয়ন কাজটি আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এসময় অন্যদের মধ্যে বান্দরবানের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সড়কপথে পার্বত্য মন্ত্রী বান্দরবানে আসেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বিশেষ প্রকল্পের আওতায় রোয়াংছড়ি সদর থেকে রুমা পর্যন্ত দীর্ঘ ২১ কিলোমিটার রোয়াংছড়ি-রুমা উপজেলার অভ্যন্তরিণ সড়কটি নির্মিত হবে। শুক্রবার সাড়ে নয়টায় ৪৭ কোটি ৯০ লাখ ব্যয়ে উন্নয়ন প্রকল্পটির আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করবেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। সড়কটি নির্মিত হলে পর্যটন সম্ভাবনাময় রুমা এবং রোয়াংছড়ি দুটি উপজেলার মধ্যে সেতুবন্ধন রচিত হবে। পর্যটন শিল্প এবং দুটি উপজেলায় বসবাসরত পাহাড়ি-বাঙালি সকলের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে।