গত রমজান মাসে যাকাত প্রদানকারী ব্যক্তি, নিজ পরিবার এবং আত্মীয় স্বজনদের নিকট হতে কিছু পরিবারের পারিবারিক ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের লক্ষ্যে তহবিল সংগ্রহ করে ভিবিডি রাঙামাটি জেলার তরুণরা।
সংগ্রহকৃত তহবিল হতে শুক্রবার ১০টি পরিবারকে ১টি করে সেলাই মেশিন, ২টি পরিবারকে ২টি করে ছাগল ও শাক-সবজি বীজ এবং ১টি পরিবারকে একটি ভ্যান ও ভ্যানের সাথে বিক্রি করা জন্য নানা রকমের শাক-সবজি, ওজন মাপার ডিসিটাল মেশিন প্রদান করা হয়। রাঙামাটি আঞ্চলিক পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এসব আত্মকর্মসংস্থান সামগ্রী বিতরণ করেন।
জীবিকা নির্বাহের প্রয়োজনীয় উপাদান পেয়ে উপকারভোগী পরিবারগুলো আবেগ আপ্লুত হয়ে পরেন। তারা জানান, ভিবিডি রাঙামাটি প্রদানকৃত এসব সরঞ্জাম দিয়ে আমরা আমাদের পারিবারিক এবং অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে পারবো।
আঞ্চলিক পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন বলেন, ভিবিডি রাঙামাটি সর্বদা মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে তবে এইবারের উদ্যোগটি সবকিছু ছাড়িয়ে গেছে এমন উদ্যোগ রাঙামাটিতে এই প্রথম দেখতে পেলাম। তিনি ভিবিডি রাঙামাটি জেলাকে ধন্যবাদ জানান।
উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ভিবিডি রাঙামাটির মহৎ এই উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যৎ সফলতা কামনা করেছেন।
প্রজেক্ট লিডার আসিফ সালেহ বিন কামাল জানান, যাকাতের মাধ্যমে কিছু অসচ্ছল পরিবারকে আত্মনির্ভরতার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষে ‘আত্মনির্ভর’ নামক একটি প্রজেক্ট হাতে নিয়েছিলাম। উল্লেখ্য, আমাদের ভলান্টিয়ারগণ রাঙামাটি শহরের প্রত্যেকটি ওয়ার্ডে জরিপ করে কিছু অস্বচ্ছল পরিবার খুঁজে বের করে এবং পরবর্তীতে বোর্ড মেম্বারগণ সরাসরি পরিবারগুলোর অবস্থান পর্যবেক্ষণ করে এই ১৩টি পরিবারকে বাছাই করেন।
চ্যালেঞ্জিং প্রজেক্টি বাস্তবায়ন হওয়ায় ভিবিডি রাঙামাটির বোর্ড মেম্বারগণ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি রাঙামাটির সর্বস্তরের মানুষ মহৎ এই উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছেন।(বিজ্ঞপ্তি)
