অর্ক,
আমি সেই রাত
যার ভোরে
আলোর রেশ নেই
আমি সেই গল্প
যার অন্তে
কাহিনীর শেষ নেই
এতো এতো পান্ডুলিপির ভীড়ে
সুখের গল্পগুলো হারিয়ে গেছে
একাকী কোন অজানায়,
ওরা এখন
নিরস্তিত্বের সীমানায়
নন্দিনী,
আমি…সেই পথ
যে পথের শেষে
ঠিকানা জানা নেই
কোথাও কোনো
নাম লেখা নেই
আমি সেই আখ্যান
দৃশ্যকল্পে যবনিকা নেই
যার সমাপ্তি রেখা নেই
আমি সেই স্বপ্ন যাকে
মাঝরাতে আধোঘুমে
সাজাতে সাজাতে
তুমি হত্যা করেছো
নিজ হাতে
তবু জানালার শার্সিতে
সেই মুখ ভেসে ওঠে
উলের ভাঁজে জড়ানো
শীতের মতো স্মৃতিরা
ওম ভাঙ্গে
মনোটোনাস বৃষ্টির
শব্দেও বাজে
বেদনার ভায়োলিন
তারা আর নিষেধ মানেনা
কেউ নেই শার্সির ওপারে তবুও
বৃষ্টির ছাঁট আল্পনা আঁকে
ভাংচুর হয় দৃশ্যকল্পে
মিলিয়ে যায় রহস্যময়তায়
নাকি সত্যি সত্যি
কী জানি
অতীতগুলো ভুলে থাকি
শত কাজের মাঝে,
তবু সে সব স্মৃতিগুলো
আগল ভাঙ্গে সাঁঝে।
কিছু স্মৃতি নদীর মতো
ভাঙ্গে মনের কুল
বাঁকে বাঁকে লিখে রাখে
আমাদের ভুল…