খাগড়াছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেছেন, পাহাড়ে অস্ত্রের ঝনঝনানি বন্ধ না হলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে না। তাই যত দ্রুত সম্ভব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, পাহাড়ে সেনাবাহিনীর অভিযান আরো জোরদার করতে হবে। হাতে অস্ত্র রেখে শান্তি ও উন্নয়নের কথা শোভা পায় না। পাহাড়ের নিরীহ মানুষ এখনো সন্ত্রাসীদের কাছে জিম্মি। ররিবার দুপুরে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের তৃণমূল সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
চুক্তির আলোকে পাহাড়ে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে জানিয়ে তিনি বরেন, মানুষের জীবনমানে পরিবর্তন এসেছে। স্কুল-কলেজ, রাস্তাঘাট, বিদ্যুৎসহ চলমান উন্নয়ন শেখ হাসিনার কারণে সম্ভব হয়েছে। কিন্তু চুক্তি বাস্তবায়নে সরকার কাজ করলেও বিপরীত অবস্থানে চুক্তি স্বাক্ষরকারীসহ অন্য সংগঠনগুলো। পাহাড়বাসী তাদের চাঁদাবাজি, গুম, খুন, অপহরণ চাঁদাবাজিতে অতিষ্ট। বিভ্রান্তি ও ষড়যন্ত্রের জন্য বিএনপির জন্ম হয়েছে জানিয়ে তিনি সরকারের উন্নয়ন ত্বরান্বিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ এমপি। এতে আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা এমপি, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপিসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও খাগড়াছড়ি জেলার নেতৃবৃন্দ।
