কাপ্তাই প্রতিনিধি
হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসন করে বন্ধুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন। শুক্রবার বিকেলে কাপ্তাই বন বিভাগের প্রশান্তি পার্কে মন্ত্রী রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্য হাতি ও মানুষের দ্বন্দ্ব নিসরনে সোলার ফ্রান্সিং প্যানেলের উদ্বোধন ও কাপ্তাই ন্যাশনাল পার্ক এলাকায় বন্য হাতির আক্রমণে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তরকালে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
তিনি আরো বলেন, বন্য হাতির আবাসস্থল ছিল কিন্তু আমরা তাদের আবাসস্থল ধ্বংস করে ফেলেছি। বনে খাবার না পেয়ে হাতি লোকালয়ে আসছে। তিনি বলেন, নতুন করে আমাদেরকে তাদের আবাসস্থলকে নিরাপদ রাখতে হবে। বনের মধ্যে আমাদের হাতির খাবার তৈরি করতে হবে। হাতি যে খাবারগুলো খায় সেই সকল গাছ রোপণ করতে হবে। তিনি বন এলাকায় বসবাসকারীদের অনুরোধ জানিয়ে বলেন, হাতির সাথে আপনারা দ্বন্দ্বে জড়াবেন না। আপনাদের যে ক্ষতি হবে তা আমরা ক্ষতিপূরণ দেয়া চেষ্টা করবো।
রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চলের প্রধান বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, কাপ্তাই সিএমসির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু সালেহ মো. শোয়েব খান।
পরে কাপ্তাই উপজেলায় বন্য হাতির আক্রমণে নিহত ও ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মাঝে ৬ লাখ ২০ হাজার টাকার ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন মন্ত্রী। এর আগে মন্ত্রী রাঙামাটি বন বিভাগের জন্য ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
