কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নাধীন খন্দাকাটা এলাকায় হাতির আক্রমণে যুবলীগ নেতা মোঃ নাছির উদ্দিন(৪০) গুরুতর ভাবে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্যরাতে। গুরুতর আহত নাছিরকে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নাছির রাইখালী ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওইদিন রাতে খন্দাকাটা এলাকায় হাতি প্রবেশ করার বিষয়টি টের পেয়ে নাছির নিজ গৃহ থেকে বের হয় পরিস্থিতি দেখার জন্য। এসময় নিকটেই থাকা একটি হাতি তার ওপর আক্রমণ করে। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হলেও পালিয়ে গিয়ে প্রাণে বেঁচে যান তিনি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে ভর্তি করে। তবে তিনি আশঙ্কা মুক্ত বলে কর্তব্যরত চিকিৎসক জানান। রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ইউছুপ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাতে বাড়ি ফেরার পথে ডংনালা এলাকায় বন্যহাতির আক্রমণে পল্লী চিকিৎসক রেমংপ্রু মারমা(৪২) গুরুতর আহত হয়। এদিকে, রাইখালী ইউনিয়নের ডংনালা, খন্দাকাটাসহ এলাকার বিভিন্নস্থানে বন্যহাতির উপদ্রব আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে জানমালের ব্যাপক ক্ষতি সাধিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাতির উপদ্রব বন্ধে কার্যকরি কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে স্থানীয়রা জানান। এলাকার লোকজন আরো জানান, তারা স্থানীয় বন বিভাগের নিকট বার বার ধর্না দিয়েও কোন প্রতিকার পাচ্ছে না।