ছাত্রলীগ নেতা সুপায়ন চাকমাকে মারধর করার প্রতিবাদে এবং রাঙামাটিতে অব্যাহত সন্ত্রাস বন্ধের দাবিতে জেলা ছাত্রলীগের ডাকা মঙ্গলবারের হরতাল শুধুমাত্র রাঙামাটি জেলা শহরেই পালিত হবে।
রাঙামাটি জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সাইফুল আলম রাশেদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,হরতালের আওতামুক্ত থাকবে এসএসসি পরীক্ষার্থীরাও। তাদের নির্বিঘেœ পরীক্ষাকেন্দ্রে যাওয়া আসা নিশ্চিত করতে ছাত্রলীগ কর্মীরা সহযোগিতা করবে।
বিভিন্ন উপজেলায় হরতাল না হলেও সেখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এই ছাত্রলীগ নেতা।
প্রসঙ্গত,সোমবার সন্ধ্যায় রাঙামাটি স্টেডিয়ামে খেলা শেষে বাড়ি ফেরার পথে জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সুপায়ন চাকমাকে একদল পিসিপি কর্মী মারধর করে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ। এর প্রতিবাদে তাৎক্ষনিক রাঙামাটি শহরে অবরোধ সৃষ্টি করে পুরো শহর অচল করে দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ কর্মীরা। এসময় রাস্তায় টায়ারও জ্বালায় তারা। পরে পুলিশ এসে টিয়ারশ্যাল ও ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে হামলার প্রতিবাদে মঙ্গলবার রাঙামাটিতে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন। ছাত্রলীগের কর্মসূচীকে সমর্থন করে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর।