কাপ্তাই প্রতিনিধি
২৫৯ বর্গকিলোমিটার আয়তনের রাঙামাটির সবচে এগিয়ে থাকা উপজেলা কাপ্তাই। শিল্পাঞ্চল খ্যাত এই উপজেলায় ৫ টি ইউনিয়ন,১০ টি মৌজা আর ১৪৮ টি গ্রাম। ৬৬ হাজার ১৩৫ জনসংখ্যার এই উপজেলায় করোনা সংক্রমনের এমন উর্দ্ধমুখী প্রবণতা এর আগে ছিলোই না বলা যায়।
গত এক বছরে রাঙামাটি জেলার মধ্যে কাপ্তাই উপজেলায় করোনা সংক্রমন রাঙামাটি সদর উপজেলা হতে কম হলেও চলতি বছরের জুলাই এর শেষের দিকে এবং আগস্টের প্রথম দুই দিনে কাপ্তাই উপজেলায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি।
তিনি জানান, রাঙামাটি পিসিআর ল্যাব এবং কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের এন্টিজেন টেস্টে গত এক সপ্তাহে( সোমবার ২ আগস্ট পর্যন্ত) কাপ্তাই উপজেলায় সর্বমোট ১শত ৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা রাঙামাটি জেলার মধ্যে সর্বোচ্চ।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানাচ্ছে , গত ১ আগস্ট কাপ্তাই উপজেলায় রেকর্ড সর্বোচ্চ ৪৬ জনের করোনা পজেটিভ আসে। এইছাড়া সর্বশেষ গত ২ আগস্ট দ্বিতীয় সর্বোচ্চ ৪১ জনের করোনা শনাক্ত হয়।
করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি জানান চলতি সপ্তাহে আক্রান্তদের মধ্যে কাপ্তাই সেনাবাহিনীর সদস্য রয়েছে বেশী । এছাড়া কাপ্তাই ইউনিয়ন এবং চন্দ্রঘোনা ইউনিয়ন এখন করোনার হট স্পট বলে তিনি জানান।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, সপ্তাহের ব্যবধানে কাপ্তাইয়ে করোনা রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই অবস্থায় সকলকে অহেতুক বাহিরে না আসা, মুখে মাস্ক পড়া সহ স্বাস্থ্য বিধী মেনে চলতে অনুরোধ জানান তিনি।
এদিকে গত সোমবার পর্যন্ত কাপ্তাইয়ে মোট করোনা শনাক্ত ৫১৮ জন, সুস্থ ৩২৫ মৃত্যু হয়েছে ৩ জনের।
