গলায় ছুরি দিয়ে আঘাত করে চার বছর বয়সী এক শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে এক সৎ মায়ের বিরুদ্ধে। রবিবার দুপুরে রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় এই ঘটনা ঘটে। ছুরি দিয়ে আঘাতের পর শিশুটির চিৎকার শুনে সৎ মা পালাতে গেলে এলাকাবাসী ধরে তাকে পুলিশের হাতে সোপর্দ করেছে। পরে পুলিশ সৎ মাকে আটক করে কোতয়ালী থানায় নিয়ে যায়। অন্যদিকে আহত শিশু ফারজান আহম্মেদকে এলাকাবাসী তৎক্ষণাৎ রাঙামাটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার গলায় অস্ত্রোপচার করে। শিশুটির গলায় প্রায় ছয় ইঞ্চি কেটে গেছে বলে জানান হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ জানিয়েছেন, ‘ফারজান আহম্মেদের সৎ মা দুপুরে বাসায় গিয়ে শিশু ফারজানকে ডেকে নিয়ে ছুরি দিয়ে আঘাত করে। এতে শিশুটি চিৎকার করে উঠলে শিশুটির মা ফারজানা আক্তারসহ সকলে দৌঁড়ে এসে শিশুটিকে উদ্ধার করে। এসময় এলাকাবাসী সৎ মা কাউসার ফেরদৌসকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। সৎ মা’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রাঙামাটি সদর হাসপাতাকের আবাসিক চিকিৎসক শওকত আকবর বলেন, ‘আহত শিশুটিকে গলায় লম্বা কাটার দাগ রয়েছে। প্রায় ছয় ইঞ্চির মতো কাটা গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে। সে সম্পূর্ণ আশংকামুক্ত নয়।’
শিশুটির বাবা, সাবেক ছাত্রলীগ নেতা বিপু তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানিয়েছেন।
