সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বলেছেন, এদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এদেশের প্রতিটি উৎসবে সকল সম্প্রদায়ের মানুষ অংশ নিয়ে প্রমাণ করেছে বঙ্গবন্ধুর সোনার বাংলায় সাম্প্রদায়িকতার কোনও স্থান নেই। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি শুক্রবার কাপ্তাই উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে কর্ণফুলি নদীতে বিজয়া নৌ-র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
চন্দ্রঘোনা রাইখালী ফেরিঘাট হতে শুরু হয়ে নৌ-র্যালিটি কর্ণফুলি নদী পথে কেপিএম, নারানগিরি এবং উপজেলা সদর পরিভ্রমণ করে। কাপ্তাই উপজেলার সাতটি মন্দির হতে হাজার হাজার ভক্ত প্রতিমা নিয়ে এই নৌ-র্যালিতে অংশ নেয়। কর্ণফুলি নদীর দু’পাশে হাজার হাজর নর-নারী এই নৌ-র্যালি ও প্রতিমা বিসর্জন অনুষ্ঠান উপভোগ করেন।
কাপ্তাই উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় নৌ-র্যালিতে বিশেষ অতিথি ছিলেন ওয়াগ্গা জোন কমান্ডার লে. কর্নেল শহীদুল ইসলাম, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ, স্মৃতিবিকাশ ত্রিপুরা, শান্তনা চাকমা ও রাজু চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়্যারম্যান দিলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, সাবেক উপজেলা পরিষদ চেয়্যারম্যান অংসুই ছাইন চৌধুরী। নৌ-র্যালিতে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সদস্য, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস বাবলু। এর আগে ঝুলন দত্তের পরিচালনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
