নিজস্ব প্রতিবেদক ॥
অসুস্থ সৈকত বিশ্বাস অন্তুর চিকিৎসা সহায়তার জন্য রাঙাামটিতে ‘সৈকত বিশ্বাস অন্তু চিকিৎসা সহায়তা সংগ্রহ তহবিল’ গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে এক সভায় এই তহবিল গঠন করা হয়। এতে রাঙামাটি পাবলিক কলেজের শিক্ষক আদনান সুজাকে আহ্বায়ক ও মাছরাঙা টিভির প্রতিনিধি শংকর হোড়কে সদস্য সচিব মনোনীত করা হয়।
সভায় ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পুলক দে’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রেড ক্রিসেন্টের সাবেক সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, সমাজসেবক বরুণ নেওয়ার, আরিফুর রহমান মানিক, অন্তুর পিতা অরবিন্দু বিশ্বাসসহ সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, সৈকত বিশ্বাস অন্তুর দুইটি কিডনি বিকল হয়ে পড়েছে। বর্তমানে প্রতি মাসে তার ১২টি ডায়ালাইসিস করতে হচ্ছে। অতিসত্ত্বর কিডনি প্রতিস্থাপন না করলে তার বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তাকে চিকিৎসা বাবদ প্রায় ৩০ লক্ষ টাকা প্রয়োজন। এই টাকা যোগান দেয়ার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। টাকা সংগ্রহের জন্য চ্যারিটি শো ও র্যাফেল ড্রসহ আরো নানান বিষয়ে আলোচনা হয়েছে।
