নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবান বোমাং সার্কেলের হেডম্যান সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে হেডম্যান সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক, এনডিসি।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান বোমাং সার্কেল চিফ উচপ্রু চৌধুরী, সদর জোনের কমান্ডার লে. কর্নেল মাহমুদুল হাসান, আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি হ্লাথোয়াই হ্রি এবং বান্দরবান ও রাঙামাটি সার্কেলের ১০৯টি মৌজার হেডম্যান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক বলেন, সেনাবাহিনী দেশের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। দেশে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি পার্বত্য অঞ্চলে সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যেই আজকের এই সম্মেলন। প্রশাসনের প্রয়োজনীয় সকল সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি সেনাবাহিনীও তাদের সকল কাজে সহযোগিতা করার জন্য প্রস্তুত বলে আশ্বাস দেন।
