করোনার প্রাদুর্ভাবে লকডাউনে থাকা বান্দরবানের অসহায় ও দু:স্থ পাহাড়ী পরিবারের মাঝে খাদ্য ও মাক্স বিতরণ করেছে বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মােঃ শাহিদুল এমরান এএফডব্লিউসি, পিএসসি।
আজ বৃহষ্পতিবার সকালে বান্দরবান সদরের বিভিন্ন পাড়ার বাড়ীতে বাড়ীতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় ২৭০টি পাহাড়ী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়। পরে বিভিন্ন পাড়ায় পাড়ায় সকলকে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করেন সেনা কর্মকর্তারা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনী ৬৯ রিজিয়নের কর্মকর্তা লেঃ রেজওয়ান, মেজর ইফতেখার’সহ উর্ধতন সেনা কর্মকর্তারা।
সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মােঃ শাহিদুল এমরান বলেন, লকডাউনে থাকা পাহাড়ী জনগণের খাদ্যভাব দূর করতে সেনা রিজিয়ন নিয়মিত অসহায় ও দু:স্থ জন সাধারণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। ত্রাণ বিতরণ কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্যাঞ্চলে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রেখেছে।
