রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর বিরুদ্ধে যৌন নিপিড়নসহ নানান ‘বিতর্কিত অভিযোগ’ তোলা মনিকা আক্তার নামের অভিযোগকারিনী, রাঙামাটি যুব মহিলা লীগের কোন কর্মী নয় এবং পদ-ধারী কোন নেত্রী বা দলের কোন সদস্য নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে রাঙামাটি জেলা যুব মহিলা লীগ।
সংগঠনটির সভাপতি ও সম্পাদকের পক্ষ থেকে রবিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। রাঙামাটি জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার ও সাধারণ সম্পাদক লেখিকা চাকমা এই বিবৃতি পাঠান।
বিবৃতিতে বলা হয়, ‘কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি যে, রাঙামাটির এক মহিলা বিভিন্ন মহল ও সংবাদ মাধ্যমে নিজেকে যুব মহিলা লীগের পরিচয় দিয়ে যাচ্ছে। একই সাথে কিছু অনলাইন নিউজ পোর্টাল তথা গণ্যমাধ্যমে নিজেকে যুব মহিলা লীগের পরিচয় দিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে। যা আমাদের দৃষ্টি গোচর হয়েছে। বিষয়টি অত্যন্ত দু:খজনক।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘জনৈক মনিকা আক্তার রাঙামাটি জেলা যুব মহিলা লীগের নেত্রী তো দুরের কথা, তিনি রাঙামাটি জেলাসহ ১০ উপজেলার কোন ইউনিট কমিটিতেও নেই। সুতরাং কথিত যুবলীগ নেত্রী মনিকা আক্তারের কোন অপকর্ম বাংলাদেশ যুব মহিলা লীগ, রাঙামাটি শাখা বহন করবে না।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘রাঙামাটি জেলা যুব মহিলা লীগ একটি সুশৃংখল ও শক্তিশালী ইউনিট। এখন পর্যন্ত সংগঠনের কোন দুর্নাম নেই, যা রাঙামাটির সুশীল সমাজ, সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ অবগত রয়েছেন।’
‘মহিলা যুবলীগকে জড়িয়ে বিভ্রান্তমূলক সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিকবৃন্দের প্রতি অনুরোধ জানান’ সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত, সম্প্রতি মনিকা আক্তার নামের এক নারী নিজেকে যুব মহিলা লীগের কর্মী ‘দাবি’ করে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর বিরুদ্ধে বেশ কিছু ‘অভিযোগ’ এনেছেন ঢাকা থেকে প্রকাশিত কিছু গণমাধ্যমে, এই সংক্রান্ত কিছু সংবাদও প্রকাশিত হয়। যার প্রতিবাদে এর আগে বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছিলো রাঙামাটি জেলা যুবলীগ এবং রাঙামাটি পৌরসভার আট কাউন্সিলর।
একইসাথে মেয়রের পক্ষে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েছেন ক্ষমতাসীন আওয়ামীলীগ ও তার অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। তারা তরুন মেয়রের বিরুদ্ধে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ এবং ‘রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে অপপ্রচার’ চালানোর অভিযোগ তুলে দোষী নারীর বিচার দাবি করেছেন নিজেদের পোস্টে।
এরই মধ্যে শনিবার রাতে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অনলাইন চ্যানেলে এক নারী সঞ্চালকের সাথে টকশো’তে হাজির হয়ে প্রথমবারের মত প্রকাশ্যে নানান অভিযোগ আনেন ওই নারী মনিকা আক্তার।
অভিযোগকারিনী মনিকা আক্তারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিচ্ছেন বলে রবিবার পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে জানিয়েছেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। তিনি পুরো বিষয়টিকে ‘রাজনৈতিক প্রতিপক্ষের সহায়তায় নোংরা অপরাজনীতি’ বলে মন্তব্য করেছেন তিনি।
এদিকে এই মনিকা আক্তারের বিরুদ্ধে সোমবার রাঙামাটি শহরে সংবাদ সম্মেলন করবেন বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন তার সাথে সদ্য তালাক হওয়া তারই স্বামী সেলিম। যিনি ইতোমধ্যেই তাকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় মনিকাসহ এক ছাত্রদল নেতাকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
