দুর্বৃত্তের গুলিতে নিহত রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার বিদেহী আত্মার শান্তি কামনায় বৃহস্পতিবার দুপুরে বিলাইছড়ি বাজার সার্বজনীন বৌদ্ধ বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ধর্মীয় দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার নিহত হওয়ার একমাস পূর্ণ হওয়ায় এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিলাইছড়ি বাজার বৌদ্ধ বিহারের ভিক্ষু সংঘের উপস্থিতিতে সংঘ দান অষ্ট পরিষ্কার দান ও বুদ্ধ মুর্তিদান অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের সদস্য রেম লিয়ানা পাংখোয়া, রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য অভিলাষ তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা ও সাংবাদিক সাখাওয়াৎ হোসেন রুবেল, বিলাইছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান জয় সেন তঞ্চঙ্গ্যা, ফারুয়া ইউনিয়ন পরিষদ সদস্য বিদ্যালাল তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় দলীয় নেতা কর্মী ও প্রয়াতের আত্মীয় স্বজন এতে যোগ দেন।
উল্লেখ্য, গত ১৯ মার্চ বিলাইছড়ি ফারুয়া এলাকার আলিক্ষিয়ংয়ে বিলাইছড়ি উপজেলা আওয়ামীলী সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।