আগুনে ছাই হয়ে যাওয়া রাঙামাটির অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ হ্রদবর্তী বাণিজ্যকেন্দ্র সুবলং বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ি ও বসবাসকারিদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও রাঙামাটি জেলা প্রশাসন।
সোমবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ ও সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো. রফিকুল ইসলাম। এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী ও রাঙামাটি জেলা প্রশাসন পক্ষ থেকে খাদ্য সহায়তা ও আর্থিক অনুদান প্রদান করা হয়।
সেনাবাহিনী কর্তৃক ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আটা, আলু, পিয়াজ, লবনসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
একই সময়ে জেলা প্রশাসন হতে প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল ও নগদ দুই হাজার টাকা প্রদান করা হয়।
রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো. রফিকুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের ঘটনা ঘটনার সাথে সাথে পাশর্^বর্তী ক্যাম্পের সেনাবাহিনীর সদস্য, পুলিশ, আনসার ও সাধরণ মানুষের তিন ঘন্টা সম্মেলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য রান্না করে খাবারের ব্যবস্থা করা হয়।
এসময় জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, ক্ষয়ক্ষতি নিরুপনের ও অগ্নিকান্ডের কারণ খুঁজে বের করতে বরকল উপজেলা নির্বাহী অফিসের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই প্রেক্ষিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। যাতে করে ক্ষতিগ্রস্তরা পুনরায় আবারো ব্যবসা শুরু করতে পারেন।
প্রসঙ্গত, গত ১৪ জুন বিকেল তিনটায় সুভলং বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ৭০টি দোকান ও বসতঘর পুড়ে যায়। তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।
