সীমান্তে পাহারা দেয়া অনেক কষ্টসাধ্য ও চ্যালেঞ্জিং কাজ। আর এই কাজটি করে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। সীমান্তে চোরাকারবার সহ নানা অপরাধমুলক কর্মকান্ড প্রতিরোধে বিজিবি’র ভুমিকা প্রশংসনীয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সদর সেক্টরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন। বিজিবি’ র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর সেক্টরে আয়োজিত প্রীতিভোজের শুরুতে বিজিবি সদর সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল খালেক অতিথিদের স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাইনুল রহমান, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, ডিজিএফআই কমান্ডার কর্নেল শামসুল আলম, পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর সহ সদর সেক্টরের আওতাধীন জোন কমান্ডারগন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানের শুরুতে বিজিবি রাঙামাটি সদর সেক্টরের উপ পরিচালক(অপারেশন) আনোয়ার হোসেন বিজিবি প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরেন। ১৯৭৬ সালের ১ নভেম্বর রাঙামাটি শহরের মারিশ্যা ও কাপ্তাই ব্যাটালিয়ন গঠিত হয়। এছাড়াও প্রতিষ্ঠার পর থেকে বিজিবি’র কর্মকান্ড তুলে ধরা হয়।