মহালছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা মহামুনি পাড়াতে নববর্ষ উপলক্ষে মারমাদের সাংগ্রাই উৎসব উদযাপনের শেষ দিনে ‘রি লং পোঃয়ে’ (জলকেলি) অনুষ্ঠানের আয়োজন করেছে সিঙ্গিনালা শাপলা সংঘ। রোববার সকাল ১১ টায় সিঙ্গিনালা হাইস্কুল মাঠে এ “রি লং পোঃয়ে” অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় শাপলা সংঘের সভাপতি আনুমং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মংসুইপ্রু চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান রুইথি কার্বারি। এছাড়া আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মুবাছড়ি মৌজার হেডম্যান খ্যাচিং চৌধুরী, মারমা উন্নয়ন সংসদের সহ সভাপতি কংজরি মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংক্ষিপ্ত আলোচনা শেষে ফিতা কেটে “রি লং পোঃয়ে” অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উদ্বোধনের পর পর কিশোর-কিশোরী যুবক-যুবতীরা ঐতিহ্যবাহি পোশাক পরে দল বেঁধে “রি লং পোঃয়ে” অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় এ আনন্দ উপভোগ করতে আসা এলাকার বিভিন্ন বয়সের শত শত নারী পুরুষেরা সেখানে ভিড় জমান।
প্রসঙ্গত, বাংলা পুরাতন বছরের বিদায় ও নতুন বছরের স্বাগত জানাতে মারমারা প্রতিবছর ঐতিহ্যবাহী খেলাধূলাসহ প্রতিটি বাড়িতে সামর্থ্য অনুযায়ী মুখরোচক বিভিন্ন খাবার তৈরি করে থাকেন।
