খাগড়াছড়িতে যাত্রীবাহি সিএনজি ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিন শিশুসহ মোট ৮ জন আহত হয়েছে। আহতদের তাৎক্ষনিক উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে।
শনিবার(১৫ মে) সকাল ১০টার দিকে এই দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন ইয়াসিন আলী(১০), আসিফ(১১), আব্দুল বারেক(৩৫), আজিজ(১২), মো মুয়ারা(৬০), আব্দুল তাহের(৩০), মোঃ রাজু(২২), মোঃ ইয়াসিন(১৮)।
জানা যায়, শনিবার সকালে একটি সিএনজি যাত্রী নিয়ে পানছড়ি যাচ্ছিল। পথে গিরিফুল নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সিএনজিটি উল্টে যায়। এসময় স্থানীয়দের আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত মোঃ ইয়াসিন জানালেন, ‘আমাদের বহনকারী সিএনজির সামনে একটি মাহেন্দ্র ছিল। গিলিফুল গেলে মাহেন্দ্রকে কেটে সামনে যাওয়ার চেষ্টা করার সময় সামনে থেকে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজি ও মোটরসাইকেল আরোহী সকলেই আহত হয়।
খাগড়াছড়ি সদর হাসপাতারের কর্তব্যরত চিকিৎসক ডাঃ দীপা ত্রিপুরা জানিয়েছেন, আহতদের অবস্থা অতটা গুরুতর নয়। এক দুইজন ছাড়া বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরতে পারবেন।
