সাম্প্রদায়িক উস্কানি দাতাদের কোনোভাবেই ছাড়া দেয়া হবে না বলে জানিয়েছেন রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। ‘পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য অপচেষ্টা চালানো হচ্ছে। ফেইসবুক কিংবা যেকোনো মাধ্যমে যদি সাম্প্রদায়িক উস্কানি দেয়া হয় তবে সে যত বড় মাপের হোক না কেনো তাকে ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। সরাসরি উস্কানিদাতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।
রবিবার সকালে রাঙামাটি জেলাপ্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যদানকালে তিনি এসব কথা বলেন।
এসময় রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোয়াজ্জেম হোসেন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ সহ প্রশাসনিক কর্মকর্তাগন ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলাপ্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান জানান, লংগদুর ঘটনা লংগদুতেই শেষ করে দিতে চাই। লংগদুর ঘটনার পূনরাবৃত্তি যেনো আর কোথাও না ঘটে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, রাঙামাটিতে যেনো কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেয়া হবে।