মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি ॥
রাঙামাটির বাঘাইছড়িতে সাজেক থানার শুকনাছড়ি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১৭৫ ঘনফুট বিভিন্ন জাতের কাঠ উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে বাঘাইহাট জোন (৬ ইস্ট বেঙ্গল) আওতাধীন দুইটিলা আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আহমেদ সাদাব হাসানের নেতৃত্বে এসব কাঠ উদ্ধার করা হয়।
বন বিভাগের সূত্রে জানা যায়, সাজেক থানার শুকনাছড়ি এলাকায় রাতের আঁধারে পাচারের উদ্দেশ্যে কাঠগুলো আনা হলে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ বিভিন্ন প্রজাতির কাঠ উদ্ধার করে সেনাবাহিনী। কাঠ উদ্ধারের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বন বিভাগের দায়িত্বরত বাঘাইহাট রেঞ্জ কর্মকর্তা শেখ ফারুক আহম্মেদ বলেন, পার্বত্য এলাকার পরিস্থিতির কারণে এবং অন্যদিকে আমাদের জনবল সংকট ও যানবাহন সংকটের ফলে কাঠ পাচার রোধ করতে হিমশিম খাচ্ছি। ফলে প্রতিনিয়ত কাঠ পাচার রোধে যৌথবাহিনীর সাথে সমন্বয় করে আমাদের কার্যক্রম পরিচালনা করতে হয়। কাঠগুলো সাজেক থানা বাঘাইহাট রেঞ্জে হস্তান্তর করা হয়। এবং বন মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে রেঞ্জ কর্মকর্তা জানান।
বাঘাইহাট জোনের অধিনায়ক লে. কর্নেল মুনতাসির রহমান চৌধুরী বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে এবং দেশের বনজ সম্পদ রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে।
