নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির পর্যটন উপত্যকা সাজেকে একটি জীপগাড়ী নিয়ন্ত্রন হারিয়ে উল্টে প্রাণ হারিয়েছেন ২ জন,যাদের একজন কলা ব্যবসায়ি,অন্যজন শ্রমিক। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাজেক থানা পুলিশ বলছে,‘ গাড়ীর চালক পালিয়ে গেছে’।
বুধবার সকালে বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা (২নং কালবার্ট) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইলিয়াছ হোসেন (৪৫) নামে এক কলা ব্যবসায়ী ও অনন্ত ত্রিপুরা (৪০) নামে এক শ্রমিক।
নিহত ইলিয়াছ হোসেনের বাড়ী উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় ও অনন্ত ত্রিপুরার বাড়ী সাজেক মাচালং এলাকায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, সকালে মাচালং বাজার থেকে একটি জীপগাড়ী কলা বোঝাই করে বাঘাইহাটে আসার পথে নাঙ্গলমারা (২নং কালবার্ট) এলাকায় জীপগাড়ী ব্রেকফেল বা নিয়ন্ত্রন হারালে খাদে পরে জীপগাড়ী উল্টে গেলে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।
সাজেক থানার ওসি নুরুল হক নুরু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতদের উদ্ধার করা হয়েছে,দুর্ঘটনার পর জীপগাড়ী চালক পালিয়ে গেছে, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
