নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৯ জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম ৬নং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গাড়িটি সকালে মাচালং থেকে যাত্রী নিয়ে দ্রুত গতিতে বাঘাইহাট বাজারে যাওয়ার সময় নন্দারাম এলাকায় হঠাৎ গাড়িটি উল্টে যায়। এতে গাড়িতে থাকা যাত্রী কমবেশি সবাই আহত হয়। আহতদের সবাই স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় আরো জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। রবি চাকমার (৪০) ডান পা ভেঙ্গে গেছে ও সামিউদ্দিনের (৪৭) বাম হাত ভেঙ্গে মারাত্মকভাবে আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘাইহাট সেনাবাহিনীর সহায়তায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
সাজেক থানার ওসি নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়িটি সকালে মাচালং থেকে স্থানীয় কিছু যাত্রী নিয়ে বাঘাইহাট বাজারে যাচ্ছিলো। চলন্ত অবস্থায় হঠাৎ ব্রেক করার কারণে গাড়িটি সড়কের ওপর উল্টে যায়। অতিরিক্ত গতির কারণেই এমনটি হয়েছে। এব্যাপারে পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা নিবে বলে জানান তিনি।
