‘বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আনা মিথ্যা মামলার বিচার আগামী ৮ ফেব্রুয়ারি দেওয়ার কথা রয়েছে। এই সাজানো রায়ের মাধ্যমে যদি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হায়রানিমূলক বিচার করা হয়, তবে সারা দেশের জনগণ ও নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে দেশকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শওকত মাহামুদ। সোমবার বিকালে রাঙামাটি জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে রাঙামাটি জেলা বিএনপির সাভাপতি হাজী শাহ আলম’র সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এড. দীপেন দেওয়ান, সহ-উপজাতীয় বিষয়ক সম্পাদক লে.কর্নেল (অব) মনীষ দেওয়ান, সদস্য রবীন্দ্রলাল চাকমা।

রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার’র সঞ্চালনায় প্রতিনিধি সভায় জেলা বিএনপি, উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শওকত মাহামুদ আরো বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আনা মিথ্যা মামলার বিচার হলে সারা দেশে গণঅভ্যুত্থান সৃষ্টি হবে। এই গণঅভ্যুত্থান হবে বিগত সময়ের চেয়ে শ্রেষ্ঠ অভ্যুত্থান, যার মধ্য দিয়ে এই সরকারের পতন হবে বলে মন্তব্য করেন তিনি।
সাজানো মামলার বিচার ঘোষণা হলে কঠোর আন্দোলনের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সাজানোর মামলার বিচার রায় ঘোষণা করা হলে দেশের সকল মানুষকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। তিনি আরো বলেন, দেশের মানুষ বর্তমানে অস্থিতিশীল পরিস্থির মধ্যে বসবাস করছে। শেখ হাসিনার জন্যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, মানুষ সুষ্ঠু বিচার পাচ্ছে না, দ্রব্যমূল্যের দাম দিনদিন বাড়ছে। সে চলে গেলে সব কিছুই ঠিক হবে এবং মানুষ স্বস্তিতে বসবাস করবে বলে মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা।

১ Comment
সাজানোর কোন কিছু নেই..
আদালত যে রায় দিবে সেই রায় মেনে নিতে হবে.
আদালত কোন দল মত পক্ষ নিয়ে কথা বলে না??
আমি মনে করি আদালত যে রায় দিবে সেটি নিরপেক্ষ রায়??