খাগড়াছড়ির পানছড়িতে প্রবীণ সাংবাদিক এস সত্যজিত চাকমার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন। বুধবার সকালে সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে জেলা সদর ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেয় ।
মানববন্ধনে বক্তারা বলেন, পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা নাজির হোসেন এস সত্যজিত চাকমার ওপর হামলা করে। এসময় চেয়ারম্যান নাজির ও তার সহযোগীরা সাংবাদিকের ওপর হামলায় অংশ নেয়। ঘটনার পর হামলা শিকার সাংবাদিক পানছড়ি থানায় অভিযোগ করলেও থানার ওসি অভিযোগ না নিয়ে তা সমঝোতায় প্রস্তাব।সাংবাদিক নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, অবিলম্বে হামলাকারী চেয়ারম্যানকে গ্রেফতার করতে হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক চৌধুরী আতাউর রহমান, খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জিতেন বড়ুয়া,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নুরুল আজম,খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ, পানছড়ি প্রেস ক্লাব সভাপতি জয়নাথ দেব, দীঘিনালা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন, দৈনিক যুগান্তর ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সমির মল্লিক প্রমুখ।
মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
