সৈকত বাবু ॥
ফেবারিট হয়ে মাঠে নেমে ফেববারিটের মতই সহজে খাগড়াছড়িকে হারিয়ে সহজ জয় ছিনিয়ে নেয় রাঙামাটি। বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলা ফুটবল দলের মুখোমুখি হয় রাঙামাটি জেলা ফুটবল দল। রবিবার বেলা আড়াইটা রাঙামাটি মারী স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হয়।
প্রথমার্ধে ম্যাচের শুরু থেকে রাঙামাটি জেলা ফুটবল দল খেলার নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণ করতে থাকে। খাগড়াছড়ি দলের রক্ষণভাগ ব্যস্ত থাকে রাঙামাটির আক্রমণ সামলাতে। পুরো সয়মজুড়ে বল নিয়ন্ত্রণে রাখে রাঙামাটি। ১০ মিনিটের সময় গোলবারে বল লেগে ফেরত না আসলে তখনই এগিয়ে যেতে পারতো রাঙামাটি। ১৯ মিনিটের সময় রাঙামাটি দলের অধিনায়ক হেলালের করা গোলে এগিয়ে যায় রাঙামাটি। ২৫ মিনিটে আরো একটি গোল করে ব্যবধান বাড়ায় হেলাল। ২গোলে এগিয়ে থেকে শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে রাঙামাটি প্রথমার্ধের মত খেলতে থাকে। তবে খেলায় কিছুটা মেজাজ হারায় রাঙামাটির খেলোয়াড়রা যার ফল হিসেবে দুটি হলুদ কার্ড দেখে দুজন খেলোয়াড়। বাকী সময়টুকু খাগড়াছড়ি উল্লেখ করার মত কোন আক্রমণ করতে পারে নাই। ২-০ ব্যবধানে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে রাঙামাটি।
রাঙামাটি জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী রাঙামাটি জেলা দলের খেলোয়াড়দেকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা খুব ভালো খেলেছে বলেই আমরা ভালো ফল পেয়েছি। আশাকরি তারা আগামীতেও এমনভাবে খেলবে।
রাঙামাটি জেলা দলের কোচ ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার রতন বড়ুয়া, ম্যানেজার ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর সবুর।
টুর্নামেন্টের ফিরতি ম্যাচে আবারো সোমবার রাঙামাটি মারী স্টেডিয়ামে বেলা আড়াইটায় রাঙামাটির মুখোমুখি হবে খাগড়াছড়ি জেলা ফুটবল দল।
