শুভ্র মিশু ॥
সারাদেশের মতো রাঙামাটিতে করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারি নির্দেশনা বৃহস্পতিবার থেকেই প্রতিপালনের নির্দেশনা ছিল জেলা প্রশাসনের। কিন্তু তারপরও জেলা যুব উন্নয়নে চলেছে কম্পিউটার প্রশিক্ষণ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এক সঙ্গে অনেক প্রশিক্ষণার্থীর নেয়া হয়েছে মৌখিক পরীক্ষা এতে অনেকেই মানতে দেখা যায়নি স্বাস্থ্যবিধি। অথচ এদিকে শহরবাসিকে স্বাস্থ্যবিধি মানাতে পরিচালিত হয়েছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।
করোনার প্রাদুর্ভাব মোকাবেলা ৩১মার্চ বিকালে জরুরি সভায় জেলা প্রশাসক সরকারি নির্দেশনা মানতে সকলকে আহবান জানান। এতে তিনি জনসমাগম হয় এমন সকল অনুষ্ঠান বাতিল করতেও বলেন পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে সকল কার্যক্রম পরিচালনারও আহবান জানান। সরকারি সকল নির্দেশনা বৃহস্পতিবার থেকে প্রয়োগ করার কথাও জরুরি সভায় জানানো হয়। কিন্তু এরপরও বৃহস্পতিবার সকাল থেকেই রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণ যথা নিয়মে পরিচালিত হতে দেখা যায়।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাং শাহজাহানকে কম্পিউটার প্রশিক্ষণ যথানিয়মে পরিচালিত করায় সরকারি নির্দেশনা অমান্য হচ্ছে কিনা প্রশ্ন করলে তিনি জানান, সরকারি নির্দেশনা অনেক প্রশিক্ষণার্থীর কাছে পৌঁছাইনি তাই তারা চলে এসেছে, যার কারণে আমরা তাদের ফেরত পাঠাইনি। আগামীকাল থেকে আর প্রশিক্ষণ চলবে না। আমরা অনলাইনে নেয়ার কথা চিন্তা করছি, তবে তারও এখনো ব্যবস্থা হয়নি। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আমরা অনলাইনে প্রশিক্ষণ শুরু করবো, তার আগ পর্যন্ত সরকারি নির্দেশনা অনুসারে প্রশিক্ষণ বন্ধ রাখবো।
অপরদিকে রাঙামাটি জেলা মহিলা বিষয়ক কার্যালয়ে নেয়া হয়েছে প্রশিক্ষণার্থীদের মৌখিক পরীক্ষা। সেখানে অনেকেই মানতে দেখা যায়নি স্বাস্থ্যবিধি, সামাজিক দুরত্বতো ছিলোই না।
এই বিষয়ে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম বলেন, আমাদের আগামী ৪এপ্রিল থেকে আরো একটি প্রশিক্ষণ কোর্স চালু করার কথা রয়েছে। যার জন্যই আমাদের আজকের এই মৌখিক পরীক্ষা নিতে হয়েছে। তবে আমরা মৌখিক পরীক্ষা নিয়ে বাছাই করে রেখেছি কিন্তু মন্ত্রণালয় থেকে প্রশিক্ষণ চালু করার নির্দেশনা পেলেই আমরা প্রশিক্ষণ চালু করবো, নতুবা ঐদিন প্রশিক্ষণ চালু হবে না। আর প্রশিক্ষণার্থীদের বাছাইয়ে যারা এসেছেন তাদের মাস্ক নিশ্চিত করেছি, হাত ধোয়ার ব্যবস্থা রেখেছি। তারপরও হয়তো কেও কেও স্বাস্থ্যবিধি মানতে অনাগ্রহ দেখিয়েছে, আসলে স্বাস্থ্যবিধি মানতে ব্যক্তিকে সচেতন হতে হবে, নতুবা বিষয়টা মানানো কষ্টকর।
করোনার সংক্রমণ প্রতিরোধে শহরজুড়ে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মানাতে মাঠে নেমেছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে সকাল থেকে বিকাল পর্যন্ত তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ, মাসুমা বেগম, শানজিদা মুস্তারীর নেতৃত্বে তিনটি মোবাইল কোর্টের টিম শহরে কাজ করেছে। এই সময় মাস্ক না পড়ায় ৮জনকে ১৭শত টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে রাতেও মোবাইল কোর্টের একটি টিম মাঠে থাকছে।
জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) মো. ইসলাম উদ্দিন জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মানাতে ও জনসাধারণকে সচেতন করতে মাঠে রয়েছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। আজকে(বৃহস্পতিবার) সকাল থেকে বিকাল পর্যন্ত তিনটি ও রাতে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এতে যেমন জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত ও সচেতন করা হচ্ছে তেমনি ভাবে যারা কোনভাবেই মানছেন না তাদের অর্থদন্ড দেয়া হচ্ছে।
