পার্বত্য শহর রাঙামাটিতে ‘বেড়াতে এসে ভোট’ দেয়ার অভিযোগ উঠেছে। সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা শহরের বাইরের অন্তত: দুটি উপজেলা থেকে ‘ভাড়াটে ভোটার’রা রাঙামাটিতে ‘অবৈধভাবে ভোট দিয়েছেন’ এমন অভিযোগ পাওয়া গেছে।
রাঙামাটি সদরের বিভিন্ন ভোট কেন্দ্রে ভাড়াটিয়া ভোটারের দ্বারা ভোটের অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অরুন কান্তি চাকমা।
সকালে রাঙামাটি শহরের গৌধুলী আমানতবাগ সরকারি প্রাথমিক বিদ্যলয়ে পরিদর্শকালে একজনকে দেখা যায় ভোট প্রদান করে বেরিয়ে আসতে। এসময় তাকে জিজ্ঞাসা করা হলে তিনি নিজেকে লংগদুরের বাসিন্দা বলে দাবি করেন। তবে তিনি লংগদু উপজেলার বাসিন্দা হয়ে সদরে কেন ভোট দিচ্ছেন এমন প্রশ্ন করলে দ্রুত সে স্থান থেকে তিনি সরে যান।
এছাড়া শহরের কাঠালতলী, রিজার্ভ বাজার, তবলছড়ির বিভিন্ন কেন্দ্রে জালভোটের অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অরুন কান্তি চাকমা।
তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা বিভিন্ন কেন্দ্রে জাল ভোট এবং বাহির থেকে ভোটার এনে ভোট দেয়া হচ্ছে বলে জেনেছি।’
তবে অভিযোগ অস্বীকার করে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর বলেন, ‘এটা তো ভালো না, এটা খারাপ দৃষ্টান্ত। আমি এখন কথা বলতে পারছি না, শরীর ভালো না।’
রাঙামাটির রিটার্নিং কর্মকর্তা এস এম শফি কামাল বলেন, ‘আমরা এমন দুই একটা ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছি। তবে কোন সত্যতা পাইনি। যদি কেউ অভিযোগ করে এবং নিশ্চিত করে আমরা আইনগত ব্যবস্থা নিব।’
