খাগড়ছড়ির দীঘিনালায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে ছড়ার উপর একটি সেতু নির্মান করা হয়েছে,অথচ সেতুর একপাশে মূল সড়ক পর্যন্ত প্রায় ১ কিলোমিটার ধান্য জমি, এর মধ্যে কোন সড়ক নেই। সেতুর অপর পাশে অবশ্য চলাচলের মতো সামান্য দীর্ঘ পায়ে হাটার মতো সড়ক রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে সূত্রে জানা গেছে, ২০১৬-২০১৭ অর্থ বছরে সেতুটি নির্মানে ব্যায় হয়েছে ৩০ লাখ ৮৯ হাজার ৮০৯ টাকা। কাজের নাম- ‘বানছড়া সুমনানন্দ চাকমার জামির পাশে বানছড়া উপর সেতু নির্মাণ’।
সোমবার সরেজমিনে গেলে মুল সড়ক থেকে ধান ক্ষেতের আল দিয়ে প্রায় ১কি. মি. হেটে সেতুতে পৌছতে হয়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি তারা সেতুর একপাশে মাটি ও বস্তায় ভরা মাটি ফেলে ধানক্ষেতের সাথে সেতুর সংযোগ সৃষ্টি করেছেন।
দীঘিনালা ইউনিয়নের চেয়ারম্যান প্রজ্ঞানজ্যোতি চাকমা জানান, বানছড়া ছড়ার উপর এ সেতুটি নির্মান করা হয়েছে সাবেক চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমার সময়ে। এ ছড়ার পূর্বপাশে ৭নং ওয়ার্ডের শান্তিরুপ কার্বারী পাড়া এর পশ্চিম পাশে ৫নং ওয়ার্ডের উত্তর বানছড়া গ্রাম। প্রজ্ঞান জ্যোতি বলেন, ‘সড়ক না থাকলেও এ ছড়ার উপর সেতু নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু বুঝে উঠতে পারছিনা। সেতুর পশ্চিম পাশে মুল সড়ক পর্যন্ত প্রায় ১কি.মি. ধানক্ষেত। এ ধান ক্ষেত থেকে এতদুর পর্যন্ত সড়ক নির্মানের জন্য কেউ জায়গা ছাড় দিবে বলেও মনে হয়না।’
জানতে চাইলে সাবেক চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা বলেন, ‘সড়কতো করার কথা ছিল, কিন্তু আমি নির্বাচনে পুনরায় বিজয়ী না হওয়াতে সড়ক করা সম্ভব হয়নি। আর আমি নির্বাচনে ফেল করার কারণে এখন ধান্য জমির মালিকরাও জমি দিতে চাইছেনা।’
সেতুটি নির্মানের অর্থবছরে দীঘিনালায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়িত্বে ছিলেন মো. মোশারফ হোসেন। তিনি এখন চাঁদপুরে কর্মরত। সড়ক না থাকলেও সেতু নির্মানের বিষয়ে জানতে চাইলে মোশারফ হোসেন বলেন, ‘চেয়ারম্যানের অনুরোধে সেতুটি করে দেওয়া হয়েছিল। ধানক্ষেতের আল দিয়েই মানুষ চলাচল করে; কিন্তু চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েছিলেন সেতু নির্মানের পর সড়ক করে দিবেন। এখন সড়ক না করে থাকলে সেজন্য চেয়ারম্যান দায়ি।’
