ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা পূজা উদযাপন পরিষদ রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় সামনে গিয়ে শেষ হয়।
এর আগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কুমার দে’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল ও সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট রানা দাশগুপ্ত বলেন, যারা সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়েছে, তাদেরকে যদি সংসদ সদস্যদের জন্য মনোনয়ন দেওয়া হয়, তবে সংখ্যালঘুরা ভোটকেন্দ্রে যাবে কিনা সেটা ভেবে দেখতে হবে। এমন কাউকে মনোনয়ন দেওয়া যাবে না, যারা সংখ্যালঘু নির্যাতনকারী।
