আলীকদম প্রতিনিধি
বান্দরবানের আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের মেনপাতপাড়ায় খামার বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এক ম্রো পরিবারের তিন সদস্যকে আহত করে ২০ হাজার টাকা নিয়ে পালিয়েছে তাদের মেয়ের জামাই। গত বৃহস্পতিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- পাদুই ম্রো (৪৩), পিতা-মেনলুং ম্রো, ইংপাও ম্রো (৪২), স্বামী-পাদুই ম্রো ও ফরছং ম্রো (১৬), পিতা-পাদুই ম্রো। আহতদের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চকরিয়া মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে রেফার করেন। ঘটনাস্থল অনেক দুর্গম ও যানবাহন না থাকায় তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে আসতে দেরী হয়।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে আহতরা তাদের খামারে ঘুমানো অবস্থায় বাওঙি ম্রো প্রকাশ রনি প্রকাশ পাছাইসহ (২৭) অজ্ঞাতনামা ২/৩ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে খামার ঘরে থাকা নগদ ২০ হাজার নিয়ে পালিয়ে যায়।
কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপ্রু ম্রো জানান, ‘গত বছর বাওঙি ম্রো এর সাথে ভিকটিম ফরছং ম্রোর বিয়ে হয়েছিল। কিন্তু সে মাতাল ও খারাপ প্রকৃতির লোক হওয়ায় তার পিতামাতা মেয়েকে নিয়ে আসে। এই ক্ষোভেই রাতের আধারে এই ঘটনা ঘটিয়েছে।’
