আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে রাঙামাটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ১৭ জানুয়ারি মেয়র ও কাউন্সিরর পদে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিনে জেলা নির্বাচন কমিশন অফিসে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার সকাল থেকে উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তবে জাতীয় রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা মনোনয়ন জমা দিলেও মনোনয়ন সংগ্রহ করেননি সন্তু লারমার নেতৃত্বাধীন আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত কোন প্রার্থী। বিগত পৌর নির্বাচনে জেএসএস সমর্থিত প্রার্থী থাকলেও এবার কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। অন্যদিকে জাতীয় রাজনৈতিক দলের মেয়র প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এবং কাউন্সিলররা সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন। অনেক প্রার্থীকেই বড় ধরনের শোডাউন নিয়ে মনোনয়নপত্র জমা দিতে দেখা গেছে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে সাতজন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরের জন্য ২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তন্মধ্যে রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিকেল পর্যন্ত মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আকবর হোসেন চৌধুরী, বিএনপির অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জাতীয় পাটিরর্ (এরশাদ) প্রজেশ চাকমা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আব্দুল মান্নান রানা ও স্বতন্ত্র থেকে অমর কুমার দে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অন্যদিকে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের জন্য সাধারণ কাউন্সিলর পদের মধ্যে ১নং ওয়ার্ড থেকে ২জন, ২নং ওয়ার্ড থেকে ৪ জন, ৩নং ওয়ার্ড থেকে ৬জন, ৪নং ওয়ার্ড থেকে ৬জন, ৫নং ওয়ার্ড থেকে ৬জন, ০৬নং ওয়ার্ড থেকে ৬জন, ৭নং ওয়ার্ড থেকে ২জন, ৮নং ওয়ার্ড থেকে ৫জন এবং ৯নং ওয়ার্ড থেকে ৬জন মনোনয়নপত্র জমা দিয়েছে। মহিলা সংরক্ষিত তিনটি আসনের মধ্যে ১নং আসনের জন্য ৫জন, ২নং আসনের জন্য ৮জন এবং ০৩ নং আসনের জন্য ৭জন মনোনয়নপত্র জমা দিয়েছে।
এ প্রসঙ্গে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শফিকুর রহমান জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি ইভিএমের মাধ্যমে ৬২ হাজার ৮৮৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তার মধ্যে পুরুষ ভোটার ৩৪ হাজার ২৫২ জন এবং নারী ভোটার ২৮,৬৩২ জন। আগামী ১৯ জানুয়ারি প্রার্থিতা বাছাই করা হবে।
