আওয়ামীলীগ সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের শিক্ষার্থীরা আগামীদিনে দেশ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিবে। স্কুলে শিক্ষার্থীদের শুধু শিক্ষিত করলে হবে না, তাদের সুশিক্ষিত করতে হবে। শিক্ষার আলোতে নিজেকে আলোকিত করতে হবে। শুক্রবার সকালে বাঘমারা নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভায় এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সুদৃষ্টির ফলে বান্দরবান পার্বত্য জেলার দুর্গম এলাকার মানুষ আজ শিক্ষার আলোতে আলোকিত। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সঠিক জ্ঞান চর্চার মাধ্যমে নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হবে। মানুষে সব কিছু ভাগ করা যায়, কিন্তু জ্ঞান বা শিক্ষার কোন ভাগ হয় না। একজন শিক্ষার্থী তার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলার অন্যতম সময় হচ্ছে ছাত্রজীবন। এসময় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, স্কুলে আমাদের সন্তান কে আমরা পাঠাই ভালভাবে শিক্ষা অর্জন করার জন্য। আমাদের বাসায় মা বাবা অশিক্ষিত তারা পড়ালেখা জানে না। তাই তাদের সন্তনদের শিক্ষিত করার জন্য বাবা-মা কষ্ট করে স্কুলে পাঠায় । তাই আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে আমাদের সন্তানদের ভালো ভাবে পড়ালেখা শিক্ষা দিবেন। আমাদের পরিবারের বাবা মা’রা অনেক কষ্টে পড়ালেখা করান, বাসায় প্রাইভেট পড়ানোর জন্য সামার্থ নেই তাই দয়া করে তাদের বাসায় গিয়ে পড়েন এই কথা বলবেন না। স্কুলের পড়া স্কুলে শেষ করাবেন। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আজ অনেক উন্নত। বর্তমান শিক্ষা ব্যবস্থার সফলতায় আজ বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বছরের বই হাতে পাচ্ছে। প্রতিমন্ত্রী এসময় শিক্ষায় উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।
শুক্রবার সকালে শিক্ষার্থীদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বাঘমারা নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চনুমং মার্মার সভাপতিত্বে এসময় অভিভাবক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সদস্য তিং তিং ম্যা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছিন আরাফাত, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আজিজ, রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চহ্লা মং র্মামা,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা।
