রাঙামাটির সরকারি কলেজের পরিবহন সংকট নিরসনের দাবি ও বাস ফান্ডের টাকা দিয়ে মাইক্রোবাস ক্রয় করা অর্থ ফেরত চেয়ে সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার দুুপুরে কলেজ ক্যাম্পাস অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা এ দাবি জানান।
এ সময় তারা অভিযোগ করেন, কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বাস ফান্ডের টাকা দিয়ে একটি মাইক্রোবাস ক্রয় করেছেন। তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মাইক্রেবাস ক্রয় বাবদ ৪২ লক্ষ টাকা ফেরত চান। দুপুরে অনুষ্ঠিত সমাবেশে কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জগদীশ চাকমা ও খোকন চাকমা।
সমাবেশে তারা বলেন, ‘রাঙামাটির সরকারি কলেজের বাস ফান্ডে মোট ৮০ লক্ষ টাকা জমা ছিলো। কলেজ কর্তৃপক্ষ এ টাকার মধ্যে ৪২ লক্ষ টাকা দিয়ে শিক্ষকদের জন্য একটি মাইক্রোবাস বাস ক্রয় করেছে। যেখানে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণ পরিবহন ব্যবস্থা নেই। কয়েকবাস বাস থাকলেও সেটি ভাড়ায় চালিত। পরিবহন ব্যবস্থার সমস্যার কারণে শিক্ষার্থীদের প্রতিনিয়ত ভোগান্তির সম্মুখীণ হতে হচ্ছে। এহেন অবস্থাতেই কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পরিবহন দুভোর্গের কথা চিন্তা না করেই মাইক্রোবাসটি ক্রয় করেছে।’
সমাবেশে জোর দাবি জানিয়ে তারা বলেন, ‘আমরা অবিলম্বে কলেজের বাস ফান্ডের টাকা দিয়ে ক্রয় করা ৪২ লক্ষ টাকা ফেরত চাই। অন্যথায় আমরা পরবর্তীতে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।’
তবে শিক্ষার্থীদের দাবির বিষয়ে কলেজের অধ্যক্ষ মাঈন উদ্দিন জানান, ‘যে গাড়িটি কেনা হয়েছে সেটি প্রতিষ্ঠানের স্বার্থেই। কারো ব্যক্তিগত স্বার্থেই নয়। আর এটি একাডেমিক কাউন্সিল ও মন্ত্রনালয়ের অর্ডার অনুযায়ীই কেনা হয়েছে।’
তিনি বলেন, ‘শুধু রাঙামাটি সরকারি কলেজ নয়, চট্টগ্রামের বিভিন্ন কলেজেও এভাবে কলেজের জন্য গাড়ি ক্রয় করা হয়েছে। মন্ত্রনালয়ের সিদ্ধান্তেই যাদের কলেজের পর্যাপ্ত ফান্ড আছে; তারাই গাড়ি ক্রয় করছেন।’ এক প্রশ্নের তিনি জানান, কলেজের অর্থ লেনদেন, কাগজপত্র আনা-নেয়া ও অন্যান্য বিষয়ের আদান-প্রদানের সুবিধার্থে গাড়িটি ক্রয় করা হয়েছে।’
