জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশেই চলছে ব্যতিক্রমি নানান আয়োজন। করোনা ভাইরাসের মধ্যেও ভিন্নধর্মী আয়োজনে চমকে দেয়ার প্রচেষ্টার মধ্যেই বুদ্ধিবৃত্তিক এক উদ্যোগে সবার প্রশংসা কুড়িয়েছে রাঙামাটির ছাত্রলীগ নেতা সুলতান মাহমুদ চৌধুরী বাপ্পা।
রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের বিদায়ী সভাপতি ও রাঙামাটি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এই নেতা, রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ জন শিক্ষার্থীর হাতে নিজের টাকায় কেনা বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি তুলে দিয়েছেন। রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়,রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, শহীদ আব্দুল আলী একাডেমি,মুজাদ্দেদ-আল ফেসানি শাহ উচ্চ বিদ্যালয় এবং রাঙামাটি সরকারি কলেজে এই সব বই প্রদান করা হয়।
মূলত: বঙ্গবন্ধু সম্পর্কে সম্যক ধারণা দিতে এবং নতুন প্রজন্ম অসাধারন এই বইটি পড়ে যেনো জাতির পিতা সম্পর্কে বিষদ জানতে পারে,সেইজন্যই বইটি দিয়েছেন জানিয়ে বাপ্পা বলেছেন, অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী ও রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই বইটি দিয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যেই আমি নিজের টাকায় এই কাজটি করেছি। আমার ইচ্ছা আছে,মুজিবর্ষেই রাঙামাটির আরো শিক্ষার্থীদের হাতে জাতির পিতার লেখা ও তাকে নিয়ে লেখা অন্যান্য বইগুলোও নতুন প্রজন্মের শিক্ষার্থীদের হাতে তুলে দিবো।’
এই প্রসঙ্গে শহরের ঐতিহ্যবাহি রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক বলেন, এটা আমার কাছেও খুব ভালো লেগেছে যে, ছাত্রলীগের ছেলেরা নতুন প্রজন্মের হাতে বই তুলে দিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে খুব প্রশংসা ও সাধুবাদ জানাচ্ছি এই কাজটির।’
