মিশু মল্লিক
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাঙামাটির বিভিন্ন ভাষাভাষির মানুষ। একুশের প্রথম প্রহরে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ এবং পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা ভাষা শহীদদের জন্য একমিনিট নীরবতা পালন করেন। এসময় জেলা প্রশাসক বলেন, একুশ মানে মাথা নত না করা। ৫২ সালে যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আমাদের মাতৃভাষা পেয়েছি তাদের আত্মত্যাগের মর্যাদা দিতে হবে। বাংলা ভাষার অপব্যবহার রোধ করতে পারাই হবে তাদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। তিনি তরুণদের বাংলা ভাষার ঐতিহ্যকে বুকে লালন করার আহবান জানান।
জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন শেষে একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাঙামাটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি, সরকারি-বেসরকারি দপ্তর ও সাংস্কৃতিক সংগঠনগুলো। জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ ছাত্র ও যুব ইউনিয়নসহ স্থানীয় রাজনৈতিক দলসমূহের রাঙামাটি শাখার নেতৃবৃন্দ দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে প্রভাতফেরি সহকারে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন রাঙামাটির স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা রাঙামাটি শিশু নিকেতনের পঞ্চম শ্রেণীর ছাত্রী অনুরা দে বলেন, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমি আমার স্কুলের শিক্ষকদের সাথে শহীদ মিনারে ফুল দিতে এসেছি। যাদের জন্য আমরা আমাদের মাতৃভাষা পেয়েছি তাদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পুষ্পস্তবক নিবেদন শেষে তারা শহীদদের আত্মার শান্তি কামনা করে নীরবতা পালন করেন।
মাতৃভাষার অপপ্রয়োগ বিষয়ে আবৃত্তি সংগঠন আফ্রোদিতির সংগঠক সাইফুল বিন হাসান বলেন, বর্তমানে আমরা আমাদের মাতৃভাষা বাংলার সর্বোচ্চ অপব্যবহার করছি। কেউই বাংলাটাকে শুদ্ধভাবে উচ্চারণ করিনা। ভাষার এই বিকৃত ব্যবহার আমাদের জন্য লজ্জাজনক। সন্তানদের শুদ্ধ ভাষাচর্চায় অভ্যস্ত করে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান এই আবৃত্তিশিল্পী।
পার্বত্য জেলা রাঙামাটিতে রয়েছে বাঙালিসহ বিভিন্ন ক্ষুদ্র-নৃগোষ্ঠী জাতিসত্তার বসবাস। চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, পাংখোয়া, খুকি, মুরং সহ মোট ১২টি ভাষাভাষী জনগোষ্ঠীর জনপদ এই পার্বত্য রাঙামাটি। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে এসেছিলেন ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সংগঠনগুলোও। সংগঠনের নেতাকর্মীরা বলেন, আমাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি থাকলেও বাংলা আমাদের প্রাণের ভাষা। পৃথিবীতে বাঙালিরাই একমাত্র জাতি যারা মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গ করেছে। আমরা তাদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করি। শহীদ মিনারে ফুল দিতে আসা ক্রশনুন পুইয়া পাংখোয়া বলেন, আমরা বাংলা ভাষার জন্য গর্ববোধ করি। পাশাপাশি ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষায় প্রাথমিক শিক্ষা লাভের সুযোগ করে দেয়ার জন্য তিনি সরকারের কাছে কৃতজ্ঞতা জানান।
শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি রাঙামাটির স্থানীয় আবৃত্তিশিল্পীদের পরিবেশনায় চলতে থাকে একুশের কবিতা আবৃত্তি।
