রাঙামাটি শহরের জেনারেল হাসপাতাল রোডে একটি চারতলা ভবনের নিচতলায় গ্যারেজে আগুন লেগে একটি কার ও আটটি মোটর সাইকেল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। শুক্রবার মধ্য রাতের এই ঘটনা ঘটে। ভবনটি আসবাবপত্র ব্যবসায়ী আব্দুল মনছুরের বলে জানা যায়।
অগ্নিকান্ডের খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ও স্থানীয় প্রতিবেশীরা প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাড়ির ভাড়াটিয়া কাজী মোহাম্মদ ইউছুপ নূর এর একটি প্রাইভেট কার চট্টমেট্রো-গ-১৩১৭২০ সহ আটটি মোটর সাইকেল আগুনে ভস্মিভুত হয়।
তৃতীয় তলায় সপরিবারে ভবনের মালিক বসবাস করেন। ঘটনাটি পূর্বপরিকল্পিত দাবি করে ভবনের মালিক আব্দুল মনছুর বলেন, তার নিচের তলায় ভাড়াটিয়াকে বাইরের থেকে দরজা বন্ধ করে রাখা হয়। কেউ নাশকতার উদ্দেশে ঐ ঘরের দরজা বাইরের থেকে বন্ধ করে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এই ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
