রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ানম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমার হত্যার সাথে জড়িত কালিশংকর চাকমা (৩০) কে আটক করেছে র্যাব-৭। শুক্রবার সন্ধ্যায় একটি অটোরিক্সাযোগে রাঙামাটি থেকে হাটহাজারি যাওয়ার পথে ইছাপুর এলাকায় র্যাব এর একটি নিয়মিত টহল দল অটোরিক্সাটিকে চ্যালেঞ্জ করলে কালিশংকর নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই শক্তিমান হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন র্যাব -৭ এর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ।
এইসময় কালিশংকর চাকমার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও ৫ রাউন্ড গুলিও উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত,২০১৮ সালের ৩ মে রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএনলারমা)’র সহসভাপতি অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে নিজ কার্যালয়ের সামনে গুলি করে হত্যা করে একদল অজ্ঞাত দুর্বৃত্ত। নিহতের স্বজন ও সংগঠন এই হত্যাকান্ডের জন্য প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ি করে আসছে। এই হত্যাকান্ডের পরদিন ৪ মে শক্তিমানের শেষকৃত্যে যোগ দিতে যাওয়ার পথে ব্রাশ ফায়ারে ৫ সহযোদ্ধাসহ হামলায় নিহত হয় ইউপিডিএফ(গনতান্ত্রিক)এর প্রধান তপনজ্যোতি চাকমা বর্মা।