লামা প্রতিনিধি ॥
বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর, নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় ‘পরিবেশ রক্ষায় করণীয়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা করেছে বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশের এ্যাগ্রো ইকোলজি প্রকল্প-২। বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, প্রাণিসম্পদ কর্মকর্তা কালী শংকর পাল, সদর রেঞ্জার রফিকুল ইসলাম ও প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার প্রমুখ অতিথি ছিলেন। এতে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন, প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ফরহাদ আজিম।
উপজেলার বিভিন্ন ধর্মীয় গুরু, শিক্ষক, হেডম্যান, কার্বারি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবির মানুষ কর্মশালায় অংশগ্রহণ করেন। এ সময় অংশ গ্রহণকারীদের নিয়ে গঠিত দলগুলো পাহাড় কাটা, পাথর উত্তোলন, অপরিকল্পিত বনায়ন, ইটখোলায় লাকড়ীর ব্যবহার, তামাক চাষ, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার, পলিথিন ও প¬াস্টিক ব্যবহার, যত্রতত্রে মল মূত্র ত্যাগ, ফিটনেস বিহীন গাড়ির ধোঁয়া, মৃত জীব জন্তু যত্রতত্র ফেলা পরিবেশ দূষণের কারণ হিসেবে তুলে ধরেন। পরে পরিবেশ দুষণ রক্ষায় প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে কাজ করেতে এবং সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বৃক্ষ রোপণ করতে হবে বলে মত প্রকাশ করেন দলগুলো।
